বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা


অনলাইন ডেস্ক-

সপ্তাহব্যাপী ‘রেজিস্ট্যান্স উইক’ এর অংশ হিসেবে বৃহস্পতিবার (১৫ আগস্ট) সারাদেশে ‘সর্বাত্মক অবস্থান কর্মসূচি’ ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। কর্মসূচি অনুযায়ী সকাল ১০টায় রাজধানীর শাহবাগে কেন্দ্রীয় জমায়েত করবে শিক্ষার্থীরা।

বুধবার (১৪ আগস্ট) রাত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবু বাকের মজুমদার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচি ঘোষণা করেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামীকাল ১৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এর ব্যানারে সপ্তাহব্যাপী ‘রেজিস্ট্যান্স উইক’ এর অংশ হিসেবে সারাদেশে সর্বাত্মক অবস্থান কর্মসূচি পালান করা হবে। সারাদেশের সকল ছাত্র-জনতাকে উক্ত কর্মসূচি সফল করার জন্য আহ্বান জানানো হয়।

এর আগে মঙ্গলবার (১৪ আগস্ট) শেখ হাসিনার বিচার সহ চার দফা দাবি প্রদান করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। দাবিসমূহ হলো:

১. ফ্যাসিবাদী কাঠামোকে ব্যবহার করে যেসব হত্যাকাণ্ড ঘটানো হয়েছে, সেগুলোর দ্রুত বিচার নিশ্চিত করতে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করা।

২. সংখ্যালঘুদের ওপর আওয়ামী লীগ ও চৌদ্দ দলসহ যারা পরিকল্পিত ডাকাতি ও লুণ্ঠনের মাধ্যমে গণ-অভ্যুত্থানকে বিতর্কিত করার প্রচেষ্টা করেছে, তাদের বিচার নিশ্চিত করতে হবে।

৩. প্রশাসন ও বিচার বিভাগে যারা ছাত্র-জনতার অভ্যুত্থানে হামলা-মামলা, এবং হত্যাকাণ্ডকে বৈধতা দিয়েছে এবং ফ্যাসিবাদ বারবার কায়েমের চেষ্টা করেছে, তাদের দ্রুততম সময়ে অপসারণ ও বিচার নিশ্চিত করতে হবে ।

৪. প্রশাসন ও বিচার বিভাগে যারা এতদিন বৈষম্যের শিকার হয়েছে, তাদের জন্য সমান সুযোগ-সুবিধা নিশ্চিত করতে হবে।



একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন